
আকিকুর রহমান রুমন, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচংয়ে নিজের পরিচয় গোপন করে ভারতে গিয়ে ভারতীয় এক খ্রিষ্টান নারীকে ধর্মান্তরিত করে বিয়ে এবং পরবর্তীতে প্রতারণার অভিযোগ উঠেছে মিজান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্বামীকে খুঁজতে ভারত থেকে বাংলাদেশে এসে জীবনের নিরাপত্তা চেয়ে বানিয়াচং থানায় লিখিত অভিযোগ করেছেন তার ভারতীয় নাগরিক স্ত্রী সিতারা বেগম।
অভিযোগে সিতারা বেগম দাবি করেন, ভারতে থাকাকালে মিজান নিজেকে কলকাতার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে তাকে ধর্মান্তরিত করে বিয়ে করেন। বিয়ের পর প্রায় তিন বছর ধরে মিজান তার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভারতের একটি ব্যাংক থেকে মিজানকে ৪ লাখ ৭০ হাজার রুপি ঋণ তুলে দেওয়ার পর তিনি যোগাযোগ বন্ধ করে দেন। পরে স্বামীকে খুঁজতে সিতারা বাংলাদেশে আসেন। বানিয়াচংয়ে মিজানের বাড়িতে তিনি আসার পর কৌশলে মিজান দেশ ছেড়ে কাতারে চলে যান বলে অভিযোগ করেন সিতারা।
৩ অক্টোবর সিতারা বেগম বানিয়াচং থানায় মিজানকে প্রধান করে তার মা, ছোট ভাই ও বোনজামাইসহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি নিজের নিরাপত্তা, মিজানের কাছ থেকে টাকা উদ্ধারের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
অভিযোগে বানিয়াচং উপজেলা সদরের ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কামালখানী মহল্লার চানপুর এলাকার পাশে হাওরের মধ্যে মিজানের পরিবারের নির্মাণাধীন বাড়ির কথাও উল্লেখ করা হয়েছে।
সিতারা বেগমের অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক।
উল্লেখ্য, স্থানীয় সূত্রে জানা যায়, মিজান জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় এক দফা দাবিতে আন্দোলনে অংশ নিয়ে ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত আকিনুর মিয়ার আপন ছোট ভাই। আকিনুর মিয়া পেশায় কাঠমিস্ত্রি (শ্রমিক) ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে মিজানের বিরুদ্ধে করা অভিযোগ এবং কাতারে চলে যাওয়ার বিষয়টি তদন্তের পরই প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।

















