
সালমান আহম্মদ : নেএকোনা কেন্দুয়া।
মাত্র একটি সিগারেট বিনা পয়সায় না দেওয়ার জের ধরে ঘটে গেল এক নৃশংস, অমানবিক ও হৃদয়বিদারক ঘটনা। ক্ষোভের বশে এক যুবক মুদি দোকানি মো. ইব্রাহিম খলিল (৩৫)-এর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
মর্মান্তিক এ ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ ইব্রাহিম খলিলকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
ঘটনার পর এলাকাজুড়ে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। তাৎক্ষণিক সাঁড়াশি অভিযানে মূল অভিযুক্ত মো. সুমন (৩০)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
স্থানীয়দের ভাষ্য, তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে এমন নৃশংস হামলা মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।














