
নিজস্ব প্রতিবেদকঃ
ভাষা সৈনিক প্রয়াত আব্দুল মতিনের অসুস্থ সহধর্মিণী গুলবদন নেছা মনিকার শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর মোহাম্মদপুরের বাসভবনে গেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাসভবনে গিয়ে গুলবদন নেছা মনিকার সঙ্গে সাক্ষাৎ করেন মন্ত্রী। এ সময় তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
সাক্ষাৎকালে মহান ভাষা আন্দোলনে ভাষা সৈনিক আব্দুল মতিনের অনন্য অবদান, তাঁর রাজনৈতিক জীবনের সংগ্রামী স্মৃতি এবং মাতৃভাষার জন্য আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নিতাই রায় চৌধুরী।
মন্ত্রী বলেন, ভাষা সৈনিকদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।
গুলবদন নেছা মনিকার চিকিৎসার জন্য শিল্পী কল্যাণ ট্রাস্ট থেকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তাঁর হাতে তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। একই সঙ্গে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং ভাষা সৈনিক আব্দুল মতিনের দুই কন্যা উপস্থিত ছিলেন।














