
আহসান হাবীব শিপলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘর পরিদর্শন করেছেন।
রোববার (২৩ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে যান। এ সময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মন্ত্রী পাহাড়পুরের প্রাচীন স্থাপত্য, সংরক্ষিত ধ্বংসাবশেষ এবং জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী সামগ্রী ঘুরে দেখেন। তিনি বিহারের কেন্দ্রীয় মন্দির, চারদিকের দেয়াল ও বিভিন্ন কক্ষ পর্যবেক্ষণ করেন।
জাদুঘরে সংরক্ষিত প্রাচীন মূর্তি, পোড়ামাটির ফলক, মুদ্রা ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, পাহাড়পুর শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ ঐতিহ্য। ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানকে আরও যত্নসহকারে সংরক্ষণ করতে হবে।
পরে স্থানীয় প্রশাসন ও প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় সংরক্ষণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন মন্ত্রী। পর্যটকদের সুবিধার্থে অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
একই সঙ্গে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসচেতনতা বাড়াতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
তিনি আশা প্রকাশ করেন, পাহাড়পুরকে কেন্দ্র করে টেকসই পর্যটন গড়ে উঠবে এবং এর মাধ্যমে এলাকার অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন শেষে মন্ত্রী জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেন।















