সাজিদুর রহমান, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জে সাইফুল হত্যা মামলায় জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। দীর্ঘ তদন্তের পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, সাইফুল হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মালিক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন না হওয়ায় বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে অধিকতর তদন্তের জন্য মামলাটির দায়িত্ব হবিগঞ্জ গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়।
এরপর দীর্ঘ তদন্তের একপর্যায়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে জসিম উদ্দিনকে আটক করে ডিবি পুলিশ।
হবিগঞ্জ ডিবির ওসি রঞ্জিত চন্দ্র আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ তদন্তে সাইফুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে জসিম উদ্দিনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। খুব শিগগিরই ঘটনার রহস্য এবং এর নেপথ্যে থাকা প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।









