

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান ও পুশইন প্রতিরোধসহ সীমান্ত নিরাপত্তা জোরদারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৃথক দুটি মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্তবর্তী চিনাউড়া ও আশাউড়া এলাকায় এসব সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত সভা দুটিতে সীমান্তবর্তী এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। সভায় ২৮ বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. সেলিম রানা উপস্থিত ছিলেন।
সভায় সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান, মাদক ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় সীমান্তবর্তী এলাকায় কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড, অবৈধ পণ্য পরিবহন কিংবা অপরাধমূলক কার্যক্রম চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি বিওপিকে অবহিত করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি সীমান্ত সুরক্ষা ও অপরাধ প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ বিষয়ে ২৮ বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির সংবাদকর্মীদের জানান, সুনামগঞ্জের দীর্ঘ সীমান্ত এলাকায় ১৯টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে সীমান্ত সুরক্ষা, আন্তসীমান্ত অপরাধ ও পুশইন প্রতিরোধে কাজ করছে বিজিবি।
তিনি বলেন, সীমান্তবর্তী জনগণের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং তাঁদের সহযোগিতা নিয়ে সুনামগঞ্জের প্রতিটি সীমান্ত এলাকা নিরাপদ রাখতে বিজিবি সদস্যরা দিনরাত পরিশ্রম করছেন। স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্ত এলাকায় নিরাপত্তা বজায় রাখা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবির সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন