
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জের মধ্যনগরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে মধ্যনগর বাজারের শহীদ মিনারসংলগ্ন এলাকায় মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশ তৈরির আহ্বান জানান।
মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাইদুর রহমান জিয়া বলেন, “সাংবাদিকেরা সমাজের অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও নানা অসংগতির চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের হত্যা, হামলা ও হুমকির শিকার হওয়া স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। এসব ঘটনায় জড়িত ব্যক্তিরা শাস্তির বাইরে থেকে গেলে সাংবাদিকদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়বে এবং সত্য প্রকাশের পথ বাধাগ্রস্ত হবে।”
প্রেসক্লাবের সহসভাপতি মো. আব্দুল মুসাব্বির বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিক যাতে হত্যা, হামলা, হুমকি কিংবা হয়রানির শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সাংবাদিকদের ওপর সংঘটিত হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল কাদির, সাইদুর রহমান জিয়া ও মো. আব্দুল মুসাব্বির, সাধারণ সম্পাদক মো. আল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, আজকের খবরের মধ্যনগর উপজেলা প্রতিনিধি মো. আসরাফ উদ্দিন হিল্লোল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলার মধ্যনগর উপজেলা প্রতিনিধি সানোয়ার হোসেন খোকা, দপ্তর সম্পাদক শিহাব মিয়া, সদস্য বাছির আহম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধন থেকে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং সারা দেশে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। তিনি বেসরকারি আইপিটিভি রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেন।
অন্যদিকে, গত ১৮ অক্টোবর সন্ধ্যায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দৈনিক সংবাদের সাংবাদিক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। পরপর এসব ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মধ্যনগরের সাংবাদিকেরা।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন