
বিশেষ প্রতিনিধি মধ্যনগর,সুনামগঞ্জ:
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। এ সময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ সহায়তা তুলে দেন নেতৃবৃন্দ।
সোমবার (১৯ অক্টোবর) পূজামণ্ডপগুলোতে গিয়ে নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। তাঁরা শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্যাপন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা যেন আনন্দ ও উৎসাহের সঙ্গে দুর্গোৎসব উদ্যাপন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সামাজিক বন্ধনের শক্তি। উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার বলেন, “দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেবেন।”
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন বলেন, “ধর্মীয় উৎসবের পরিবেশ নষ্ট করার কোনো সুযোগ দেওয়া হবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”
পরিদর্শন কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করেন ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম। এ সময় নেতৃবৃন্দ পূজামণ্ডপ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুক্তার হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি হযরত আলী, যুবদল নেতা রফিক উদ্দিন রনি এবং মধ্যনগর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু নান্টু সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন