

সাজিদুর রহমান, বাহুবল, হবিগঞ্জ।। হবিগঞ্জের বাহুবলে জেলা পরিষদের পুকুর ভরাট করে দখলের প্রতিযোগিতা চলছে বলে অভিযোগ উঠেছে। অনেকে পাকা দালানকোঠা ও দোকান পাটের আড়ালে সরকারি এই সম্পত্তি জবর দখলে মেতে উঠছেন। অভিযোগ উঠেছে, উপজেলা সদরে অবস্থিত জেলা পরিষদের বিশাল এ পুকুরটি ভরাট করে দখলের প্রতিযোগিতা চললেও রহস্যজনক নিরবতা পালন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে বছরের পর বছর ধরে দখল প্রতিযোগিতার মধ্যেই জবর দখলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ বাহুবল মডেল থানা সংলগ্ন জেলা পরিষদের এই পুকুর ভরাট করে দখলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।
এ সময় সরকারি স্বার্থসংশ্লিষ্ট বাহুবল বাজারের জেলা পরিষদের পুকুর অবৈধভাবে দখল করার অপরাধে পূর্ব জারিয়া গ্রামের রফিক উল্লার ছেলে মাসুক মিয়াকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় জানান, সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, খুব শীঘ্রই বাহুবল বাজার ও মিরপুরসহ উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান পরিচালনা করা হবে।
#
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন