

সালমান আহম্মদ, কেন্দুয়া (নেত্রকোণা)
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবিদ (২৪) নামে এক সৌদি প্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা এনামুল হক গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের পুরানবাড়ী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আবিদ ও তাঁর বাবাকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় আবিদের মৃত্যু হয়।
নিহত আবিদ পুরানবাড়ী গ্রামের এনামুল হকের ছেলে। তিনি সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির সীমানা নিয়ে এনামুল হকের পরিবারের সঙ্গে প্রতিবেশী বকুল মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে আবিদ ও তাঁর বাবা গুরুতর আহত হন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন