
আহসান হাবীব শিপলু, বদলগাছী প্রতিনিধি:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নিয়েছেন নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরের মালঞ্চা গ্রামের তরুণ ক্রিকেটার আহসান আল মুমিন। ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি প্রবল আগ্রহ, নিয়মিত কঠোর অনুশীলন এবং পরিবারের উৎসাহ ও সহযোগিতায় এই সাফল্য অর্জন করেছেন তিনি। তাঁর এ অর্জনে আনন্দিত পরিবার, স্বজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসী। স্থানীয় ক্রীড়াঙ্গনেও তাঁর সাফল্য নতুন আশার সঞ্চার করেছে।
আহসান আল মুমিনের বাবা মো. হোসাইন একজন হোটেল ব্যবসায়ী এবং মা সুমি আক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, মাত্র দুই বছর বয়স থেকেই বল নিয়ে খেলতে ভালোবাসতেন মুমিন। ছোটবেলায় ক্রিকেটের প্রতি তাঁর আগ্রহ দেখে ছেলেকে ভালো ক্রিকেটার হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন বাবা। সেই স্বপ্ন বাস্তবায়নে শুরু থেকেই পাশে থেকেছে পরিবার।
জয়পুরহাট জেলা স্টেডিয়ামে নিয়মিত অনুশীলনের সময় ক্রিকেট কোচ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের স্নেহ, ভালোবাসা ও পরামর্শ পেয়েছেন মুমিন। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর অনুশীলনের রুটিন মেনে চলেছেন তিনি। নিজের আগ্রহ, পরিশ্রম এবং সবার সহযোগিতায় এবার জাতীয় অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছেন এই তরুণ ক্রিকেটার।
আহসান আল মুমিনের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে আফগানিস্তানের বিপক্ষে ওমানে অনুষ্ঠেয় যুব ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে নির্বাচিত হওয়া। এ ছাড়া ২০২৬ সালের গেম ডেভেলপমেন্ট ট্রফিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অংশ নিয়েছেন তিনি। ওই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-২৩ ও অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষেও ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
২০২৫-২৬ সালের যুব ক্রিকেট লিগে নর্থ জোন যুব দলের হয়ে খেলেছেন মুমিন। পাশাপাশি ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় টুর্নামেন্টে রাজশাহী বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুব পর্যায়ে প্রায় ৫৮টি ম্যাচে ২ হাজার ২১১ রান করার পাশাপাশি ১১টি উইকেট নিয়েছেন মুমিন। সাম্প্রতিক যুব ম্যাচগুলোতেও ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। এর মধ্যে ৫৬ বলে ৩৭ রান এবং ৩৫ ও ২৪ রানের ইনিংস উল্লেখযোগ্য। ডানহাতি ব্যাটার ও লেগ-স্পিন বোলার হিসেবে যুব পর্যায়ে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন এই ক্রিকেটার।
জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেলেও এখানেই থেমে থাকতে চান না আহসান আল মুমিন। ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্সের মাধ্যমে দেশের ক্রিকেটে অবদান রাখা এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করাই তাঁর লক্ষ্য। একদিন সিনিয়র জাতীয় দলে খেলা এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন তিনি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মহান আল্লাহর রহমত ও সবার দোয়ায় মুমিন তাঁর স্বপ্নপূরণের পথে গুরুত্বপূর্ণ একটি ধাপ এগিয়েছেন। তবে সামনে তাঁকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। নিজের সব লক্ষ্য অর্জন করে দেশের জন্য কাজ করতে পারেন, এ জন্য সবার কাছে দোয়া চেয়েছে পরিবার। তাঁর ক্রিকেটজীবনে পাশে থাকা কোচ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।
স্থানীয়দের প্রত্যাশা, মালঞ্চা গ্রামের এই তরুণ নিজের প্রতিভা ও দক্ষতার স্বাক্ষর রেখে জাতীয় ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করবেন। ঐতিহাসিক পাহাড়পুরের এই ক্রিকেটার স্থানীয় তরুণদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন