
এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ফজলুর রহিম কাজল মিয়া (৫০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের তিন দিন পর শুক্রবার (৯ অক্টোবর) সকালে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর উত্তরপাড়া চৌধুরীবাড়ির পেছনে গোরস্তানের পাশে একটি গাছের ডাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহত ফজলুর রহিম কাজল মিয়া ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের মৃত জবান আলীর ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। বর্তমানে ধর্মপাশার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্রে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বিরামপুর উত্তরপাড়া চৌধুরীবাড়ির পেছনে গোরস্তানের পাশে একটি গাছের ডালে কাজলের মরদেহ ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। তাঁর গলায় দড়ি লাগানো ছিল। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে লোকজন জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের বড় ভাই বুলবুল মাস্টার বলেন, “গত বুধবার বেলা আড়াইটার দিকে সর্বশেষ আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়েছিল। পরে রাতে থানায় নিখোঁজের জিডি করি। আজ সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছের ডালে ভাইয়ের মরদেহ দেখতে পাই। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি সরকারের কাছে এর সঠিক বিচার চাই।”
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর ইসলাম হারুন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন