
আবু বক্কর সিদ্দিক,সাটুরিয়া,মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পূর্ববিরোধের জেরে দৈনিক প্রভাতী বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো. জাহাঙ্গীর আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মহলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।
বুধবার (৬ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে সাটুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী সাংবাদিক জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলমের অভিযোগ, কয়েক মাস আগে সাটুরিয়া বাজারের বাসিন্দা মো. রাজু আহমেদের ছেলে মো. আমানত হোসেনের (২২) সঙ্গে তার ঝগড়া-বিবাদ হয়। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে রহমান মার্কেটের ১ নম্বর দোকানে অবস্থিত নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আমানত হোসেন তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে আমানত ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করেন। এ সময় তার কাছে থাকা ব্যবসার কিছু টাকাও নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি।
পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জাহাঙ্গীর আলম সাটুরিয়া বাজারের একজন ব্যবসায়ী, ক্রীড়া সংস্থার সদস্য, প্রেসক্লাব সাটুরিয়ার সিনিয়র সদস্য এবং সাটুরিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক।
তার ওপর হামলার ঘটনায় সাটুরিয়া বাজার কমিটি, প্রেসক্লাব সাটুরিয়া, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং সাটুরিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দ্রুত শাস্তির দাবি জানান।
অন্যদিকে, অভিযুক্ত আমানত হোসেনের পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাতে জানা গেছে, তার বিরুদ্ধে পরিবারের সঙ্গে অসদাচরণ, হুমকি এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মাদকসেবীদের সঙ্গে চলাফেরার অভিযোগও করেছেন স্থানীয়দের কেউ কেউ। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
পরিবারের সদস্যরা জানান, আমানত হোসেনের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তাদেরও মারধরের হুমকি দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তারা দুঃখ প্রকাশ করে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তারা।
ঘটনার পর থেকে আমানত হোসেন পলাতক রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক জাহাঙ্গীর আলম বাদী হয়ে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, সাংবাদিক জাহাঙ্গীর আলম হামলার ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত আমানত হোসেনের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন