
যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) চেয়ারপার্সন, এমপি মিসেস আপসানা বেগমের নেতৃত্বে একটি সফররত প্রতিনিধিদল আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমাইউন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলে আরও ছিলেন এমপি জনাব শকাত আদম এবং হাউস অফ লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেন। প্রতিমন্ত্রী প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক শক্তিশালীকরণে এপিপিজি-র অব্যাহত আগ্রহের প্রশংসা করেন।
প্রতিমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক সংহতকরণ ও সংস্কার উদ্যোগের প্রতি যুক্তরাজ্য সরকারের সমর্থনের কথা তুলে ধরেন। যুক্তরাজ্য সংসদ, বাংলাদেশ এবং ব্রিটিশ-বাংলাদেশী সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন হিসেবে এপিপিজি-র ভূমিকার স্বীকৃতি দিয়ে প্রতিমন্ত্রী বাংলাদেশের অগ্রগতি ও বাস্তব পরিস্থিতি তুলে ধরতে যুক্তরাজ্য সংসদের সঙ্গে বৃহত্তর সম্পৃক্ততা সহজতর করার জন্য এপিপিজি-র সমর্থন কামনা করেন।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন যে, এই দীর্ঘস্থায়ী সংকটটি এখন মানবিক উদ্বেগের সীমা ছাড়িয়ে গেছে এবং এর ব্যাপকতর নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসন সংক্রান্ত প্রভাব রয়েছে। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানান। প্রতিনিধিদলটি আগামীকাল রোহিঙ্গা শিবিরগুলো পরিদর্শন করবে জানিয়ে এপিজি প্রতিনিধিদল রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা মোকাবেলায় তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে। প্রতিনিধিদলটি অব্যাহত মানবিক সহায়তা এবং তাদের স্বদেশে টেকসই প্রত্যাবর্তনের জন্য যুক্তরাজ্যের সংসদসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্যবস্থায় তাদের দাবি জোরালো রাখার আশ্বাস দেয়।
আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা ও বিনিময় জোরদার করার পাশাপাশি গণতান্ত্রিক সংহতকরণ, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, দক্ষতা আহরণ এবং মানবাধিকারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও মতবিনিময় করে এবং প্রাসঙ্গিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চ্যানেলের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন