

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোর্সের ষড়যন্ত্রে এসআরবি-৫-এর অভিযানে দুই ছেলেকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন।
রোববার সকালে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মফিজ উদ্দীন বলেন, গত ২৯ সেপ্টেম্বর তাঁর বাড়ির সামনের আমবাগানে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধারের দাবি করে এসআরবি-৫। এ সময় তাঁর ছোট ছেলে মেহেদী হাসানকে আটক করা হয়। পরে ওই ঘটনায় দায়ের করা মামলায় তাঁর মেজো ছেলে আল মামুনকেও আসামি করা হয়।
তাঁর দাবি, ঘটনার সময় আল মামুন রাজশাহীতে তাঁর শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। তাঁর দুই ছেলে কিংবা পরিবারের অন্য কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত নন। সোর্সের ষড়যন্ত্রে তাঁদের মাদক মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মফিজ উদ্দীন ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং তাঁর দুই ছেলেকে হয়রানি থেকে রক্ষার দাবি জানান।
সংবাদ সম্মেলনে মফিজ উদ্দীনের স্ত্রী শেফালী বেগম, মেয়ে রিনা খাতুন, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার বজলুর রশীদ সনুসহ পরিবারের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এসআরবি-৫-এর কমান্ডিং অফিসারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে এসআরবির মিডিয়া সেল জানিয়েছে, অভিযান পরিচালনাকারী সদস্যদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন