
সাজিদুর রহমান, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি | ২৮ সেপ্টেম্বর ২০২৬ইং
হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর বাজারে মাদকবিরোধী র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আগমনী যুব সংঘ পূর্বভাদেশ্বরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালি ও মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। বিশেষ অতিথি ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন তালুকদার এবং ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিক ফারুক চৌধুরী।
এ সময় আগমনী যুব সংঘের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, সাম্প্রতিক সময়ে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মাদকের কেনাবেচা ও মাদকসেবীদের তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মাদকের বিস্তার যুবসমাজকে বিপথগামী করার পাশাপাশি সামাজিক শান্তি ও শৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষায় সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি সচেতন ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন আয়োজকরা।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন