
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বংশাল এলাকা থেকে নিখোঁজের প্রায় এক বছর পর এক কিশোরীকে উদ্ধার করেছে বংশাল থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্তের পর বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকার শাহ আলী থানা এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় ওই কিশোরী। এরপর আর বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
ঘটনার পরদিন ১৭ সেপ্টেম্বর ২০২৫ কিশোরীর বাবা মো. জিন্নাত বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির ভিত্তিতে পুলিশ কিশোরীর সন্ধানে তদন্ত শুরু করে।
তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির বিভিন্ন সহায়তা নিয়ে কিশোরীর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। অবস্থান নিশ্চিত হওয়ার পর বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক আড়াইটার দিকে বংশাল থানা পুলিশের একটি দল ডিএমপির শাহ আলী থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে।
পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া কিশোরীকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন