
বিল্লাল আহমেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার ১ নম্বর ইউনিয়নের ডিসি রোড থেকে ইউনিয়ন পরিষদ হয়ে লাখাই বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে পিচ, খোয়া ও ইট উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। এতে সড়কটি দিয়ে স্বাভাবিকভাবে চলাচলও কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন শিক্ষার্থীসহ হাজারো মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারকাজ না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। কোথাও পিচ ও খোয়া উঠে গেছে, আবার কোথাও সড়কের আস্তরণ খসে পড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি জরুরি প্রয়োজনে চলাচল করতে গিয়েও ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয়রা জানান, বর্ষা ও জোয়ারের সময়ে সড়কের ভাঙাচোরা অংশে পানি জমে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এসব স্থানে ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল করতে হয়। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটছে বলে দাবি তাদের।
এলাকাবাসী ও ভুক্তভোগীদের দাবি, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল হওয়ায় দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কটি সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সড়কটি সংস্কারের জন্য বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছেন। বর্তমানে সড়কটির অবস্থা খুবই বেহাল উল্লেখ করে তিনি বলেন, দ্রুত এ সড়কটি মেরামত করা প্রয়োজন। আশা করছি, আগামী অর্থবছরে সড়কটির সংস্কার করা হবে।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন