
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার নওগাঁ:
নওগাঁর মান্দায় চাঁদাবাজির মামলায় আল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে শুনানি শেষে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার আল আমিন মান্দা থানাধীন চককানু গ্রামের মৃত কাজী মুদ্দিনের ছেলে।
থানায় দায়ের করা মামলার সূত্রে জানা যায়, মান্দা থানাধীন দেলুয়াবাড়ি বাজারের সাইকেল মেকার জলিলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে আল আমিনের বিরুদ্ধে। এ সময় তাকে মারধর করারও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় সাইকেল মেকার জলিলের স্ত্রী মিরজান বাদী হয়ে মান্দা থানায় মামলা করেন। মামলার পর গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে মামলার আসামি আল আমিনকে গ্রেপ্তার করে মান্দা থানা পুলিশ।
পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার (২৩ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালতের বিচারক আল আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সব সময় তৎপর রয়েছে। কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তদন্ত ও প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন