

দিপংকর মন্ডল, হরিরামপুর উপজেলা প্রতিনিধি:
অশ্রুসিক্ত নয়নে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় মানিকগঞ্জের হরিরামপুর থেকে বিদায় নিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বদলিজনিত কারণে নতুন কর্মস্থলের উদ্দেশ্যে থানা ছাড়েন তিনি। প্রিয় ওসিকে বিদায় জানাতে থানায় জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় অনেকের চোখেই ছিল অশ্রু। তৈরি হয় আবেগঘন পরিবেশ।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে থানা প্রাঙ্গণে বিদায়ী ওসিকে বিদায় এবং নবাগত ওসিকে স্বাগত জানাতে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা বয়সী নারী-পুরুষ অংশ নেন।
অনুষ্ঠানে বিদায়ী ওসি আফজাল হোসেনকে ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয়রা। একই সঙ্গে নবাগত ওসি জে ও এম তৌফিক আজমকেও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিদায়ী কর্মকর্তার সঙ্গে ছবি তোলা, কুশল বিনিময় ও স্মৃতিচারণের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানজুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিদায়ী ওসির প্রতি স্থানীয়দের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে নানা উপহারেও। কেউ বাড়ির গাছের লাউ, কেউ মৌসুমি ফল, আবার কেউ হাঁস-মুরগি নিয়ে আসেন তার জন্য। আনুষ্ঠানিকতার বাইরে এসব উপহার ছিল স্থানীয় মানুষের ব্যক্তিগত আন্তরিকতা ও ভালোবাসার প্রকাশ।
সংবর্ধনা শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে নতুন কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন মোহাম্মদ আফজাল হোসেন। এ সময় থানার সামনে জড়ো হওয়া স্থানীয়রা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং হাত নেড়ে বিদায় জানান। আবেগঘন সেই মুহূর্তে অনেকের চোখেই ছিল অশ্রু।
এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হরিরামপুর থানার নতুন ওসি হিসেবে জে ও এম তৌফিক আজম যোগদান করেন। তার দায়িত্ব গ্রহণের পরদিনই বিদায়ী ওসিকে আনুষ্ঠানিক বিদায় এবং নবাগত ওসিকে স্বাগত জানাতে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সাধারণ মানুষের পাশাপাশি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও এতে উপস্থিত ছিলেন।
সংবর্ধনা সভায় এম এ রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওসমান আলী বলেন, ওসি আফজাল হোসেন সুন্দরভাবে হরিরামপুরকে পরিচালনা করেছেন। তিনি একজন সৎ ও নামাজি মানুষ। প্রতিদিন সকালে হাঁটার ছলে বিভিন্ন এলাকায় গিয়ে তিনি তদারকি করতেন। কোনো এলাকার কী অবস্থা, তা সরেজমিনে দেখে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন।
নবাগত ওসি জে ও এম তৌফিক আজম বলেন, “আমাদের বদলির চাকরি। আজ এখানে, কাল অন্যখানে। আমি আফজাল হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আগের ওসির মতো আমিও হরিরামপুরবাসীর কাছে সহযোগিতা চাই।”
এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী ওসি মোহাম্মদ আফজাল হোসেন। হরিরামপুরে দায়িত্ব পালনকালে স্থানীয় মানুষের কাছ থেকে পাওয়া সহযোগিতা, ভালোবাসা ও সম্মানের কথা স্মরণ করে তিনি বলেন, “চাকরি ও বদলি একই সূত্রে গাঁথা। বিদায়বেলায় হরিরামপুরবাসী আমাকে যে ভালোবাসা ও সম্মান দিলেন, তা সত্যিই অকল্পনীয়। এরকম বিদায় আমি আমার চাকরিজীবনে দেখিনি। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি। সকলের কাছে দোয়া চাই। হরিরামপুরের মানুষের সঙ্গে তৈরি হওয়া এই সম্পর্ক ও স্মৃতি আমার সারাজীবন মনে থাকবে।”
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন