
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পাঁচটি কন্টেইনার ক্যারিয়ার ট্রাক যুক্ত হয়েছে। নগরীর বাসাবাড়ির বর্জ্য দ্রুত অপসারণ এবং সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে বর্জ্য পরিবহন কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করতে এসব যানবাহন যুক্ত করা হয়েছে।
রোববার সকালে গাবতলীর প্রস্তাবিত কাঁচাবাজার এলাকায় ডিএনসিসির পরিবহন ডিপোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন পাঁচটি কন্টেইনার ক্যারিয়ার ট্রাকের উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।
উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসক বলেন, অতিবৃষ্টির ফলে বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে না। ডিএনসিসির চলমান সংস্কার কার্যক্রম ও কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের ফলে এ সমস্যার সমাধান হয়েছে। এ ক্ষেত্রে সিটি করপোরেশন প্রায় সফলতা অর্জন করেছে বলেও উল্লেখ করেন তিনি।
মোঃ শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসাবাড়ির বর্জ্য দ্রুত অপসারণ এবং এসটিএসের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা আরও আধুনিক করতে পাঁচটি কন্টেইনার ক্যারিয়ার ট্রাক উদ্বোধন করা হয়েছে। আগামীতে আরও ১০টি কন্টেইনার ক্যারিয়ার ট্রাক যুক্ত করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনাকে আরও সহজ ও কার্যকর করার পাশাপাশি দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ করে নগরবাসীকে পরিচ্ছন্ন শহর উপহার দিতে ডিএনসিসি কাজ করে যাচ্ছে।
প্রশাসক জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮০ থেকে ২০০টি গাড়ির মাধ্যমে প্রতিদিন ঢাকার বিভিন্ন এলাকা থেকে প্রায় চার হাজার টন বর্জ্য অপসারণ করা হচ্ছে। নগরবাসীকে আরও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে গৃহীত পরিকল্পনার অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে নতুন পাঁচটি কন্টেইনার ক্যারিয়ার ট্রাক যুক্ত করা হয়েছে। এসব যানবাহনের মাধ্যমে কম সময়ে ও সহজে বর্জ্য অপসারণ করে নগরবাসীকে স্বস্তি দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।
ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রসঙ্গে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর ৯০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন কাজ শুরু করেছে। এ কর্মসূচি বাস্তবায়নে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে কাজ করছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, এডিস মশার লার্ভা ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং জরিমানা কার্যক্রম চলছে। আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
উদ্বোধনের পর প্রশাসক নিজেই একটি নতুন কন্টেইনার ক্যারিয়ার ট্রাক চালিয়ে এর কার্যকারিতা পরীক্ষা করেন।
ডিএনসিসির আওতাধীন এলাকার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে দ্রুত ও দক্ষতার সঙ্গে বর্জ্য অপসারণে এসব ট্রাক ব্যবহার করা হবে। নতুন ভারী যান যুক্ত হওয়ায় ডিএনসিসির বর্জ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে কম সময়ে বর্জ্য নির্ধারিত ল্যান্ডফিলে নেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হুমায়ুন কবির, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিব হাসান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরুল কায়েসসহ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন