
সাজিদুর রহমান, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল সদর ইউনিয়নের হরিতলা এলাকায় রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে রাত ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত বালু পাচারের রুটগুলোতে পুলিশ টহল জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবির আহমেদ স্বাক্ষরিত ১৭ জুন ২০২৬ তারিখের এক পত্রে (স্মারক নং: ০৫.৪৬.৩৬০০.০২৪.৯৯.০০২.২৩-৩৩৬) হবিগঞ্জের পুলিশ সুপারকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।
পত্রে উল্লেখ করা হয়, বাহুবলের হরিতলা এলাকার বিভিন্ন স্থান থেকে একটি চক্র রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। উত্তোলিত বালু পরিবহনের জন্য সাতকাপন ইউনিয়নের ‘বাহুবল টু মধুপুর চা বাগান ভায়া হামিদনগর’ সড়কটি ব্যবহার করা হচ্ছে।
উপজেলা প্রশাসন একাধিকবার টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পরিচালনা করেও অবৈধ বালু উত্তোলন ও পরিবহন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না বলে পত্রে উল্লেখ করা হয়। অনেক সময় মোবাইল কোর্ট পরিচালনার গোপন তথ্য আগেই দুষ্কৃতকারীদের কাছে পৌঁছে যাওয়ায় অভিযান ব্যর্থ হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে গত ১১ জুন অনুষ্ঠিত বাহুবল উপজেলা আইনশৃঙ্খলা সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, বালু পাচারের রুটগুলোতে রাত ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত পুলিশ টহল জোরদার করা হবে। পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের কার্যক্রম বন্ধে এ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারকে অনুরোধ জানানো হয়।
স্থানীয় সূত্রের অভিযোগ, কতিপয় রাজনৈতিক কর্মী ও কথিত সাংবাদিক প্রশাসনকে ‘ম্যানেজ’ করে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে হরিতলা-ধলিয়াছড়া এলাকা থেকে রাতের আঁধারে বালু পাচার করছে। এতে বালুবাহী ট্রাক্টরের বেপরোয়া চলাচলে এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশ হুমকির মুখে পড়ছে। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত এক্সকাভেটর ও ট্রাক্টরের বিকট শব্দে স্থানীয় বাসিন্দাদের ঘুমের ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ করেছেন তারা।
স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের টাস্কফোর্স একাধিকবার অভিযান পরিচালনা করলেও অবৈধ বালু উত্তোলন ও পরিবহন পুরোপুরি বন্ধ হয়নি।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় জানান, ১৯ সেপ্টেম্বর রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত হামিদনগর, চলিতাতলা, দয়ালপুর ও দারিপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ ঘনফুট বালুসহ দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এর আগে ১১ সেপ্টেম্বর রাতে হরিতলা এলাকায় অভিযান চালিয়ে একটি বেকু জব্দ করা হয় এবং দুই ব্যক্তিকে জেল-জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন