
আকিকুর রহমান রুমন, বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচংয়ে গ্রাম্য বিরোধের জের ও ছান্দের লীজকৃত জলাশয়ে মাছ শিকারে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত তোফাজ্জুল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত তোফাজ্জুল মিয়া বানিয়াচং উপজেলা সদরের ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ঠাকুরাইন দিঘির পূর্ব পাড় মহল্লার বাসিন্দা মৃত মতিবুর রহমান মিয়ার ছেলে। তাঁর পরিবারে রয়েছে তিনটি অবুঝ সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার পাড়াগাঁও ৭ মহল্লার ছান্দের কাছ থেকে লীজ নেওয়া লঞ্চির খালে মাছ ধরতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তোফাজ্জুল মিয়ার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।
তোফাজ্জুল মিয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে ইউপি সদস্য রুমন মিয়াসহ স্থানীয়রা গ্রাম্য বিরোধ ও সংঘাতের কারণে যাতে আর কোনো প্রাণহানির ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন