
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের রাষ্ট্রদূত মাইকেল মিলার পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মাইকেল মিলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান। এ সময় উভয় পক্ষ দীর্ঘদিনের বাংলাদেশ-ইইউ অংশীদারত্বে সন্তোষ প্রকাশ করে দ্বিপক্ষীয় বহুমুখী সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী বাংলাদেশ-ইইউ সম্পর্কের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদারত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বহুপাক্ষিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় ইইউর গঠনমূলক সম্পৃক্ততারও প্রশংসা করেন তিনি। এ ক্ষেত্রে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন এবং চলমান সংস্কার প্রক্রিয়ায় সংস্থাটির সমর্থনের বিষয়টি উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
বৈঠকে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করে। সাধারণ পরিষদের পার্শ্ব-আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের প্রস্তুতির কথাও জানানো হয়।
দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আনুষ্ঠানিক আলোচনা দ্রুত এগিয়ে নেওয়াসহ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অভিবাসন ব্যবস্থাপনা, বিমান চলাচল খাত ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ইইউর অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক আলোচনার গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে ধরে রাখতে প্রয়োজনীয় আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ প্রস্তুতির কথা জানায়।
সাক্ষাৎ শেষে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে বাংলাদেশ-ইইউ সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন