
নিজস্ব প্রতিবেদকঃ
বিস্কিট ও ব্রেডসহ বেকারি পণ্যের প্রস্তাবিত মূল্যবৃদ্ধি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা। উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে একটি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বেকারি পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে ব্যবসায়ীদের সাম্প্রতিক ঘোষণা এবং উৎপাদন ও বাজারজাতকরণের ব্যয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা শেষে ব্যবসায়ী নেতারা বিস্কিট ও ব্রেডের দাম বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার বিষয়ে সম্মতি জানান।
এদিকে বেকারি পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যয়, কাঁচামালের মূল্য, কর ও শুল্কসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয় পর্যালোচনার জন্য বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় সরকার পক্ষ থেকে বলা হয়, ব্যবসায়ীদের স্বার্থের বিষয়টি বিবেচনায় রেখেই জনস্বার্থ ও ভোক্তাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং যৌক্তিক মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা এবং বেকারি পণ্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন