
আকিকুর রহমান রুমন, বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং বাড়ির নারীদের গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় দুই বিএনপি নেতার লোকজনের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার ৯ নম্বর পুকড়া ইউনিয়নের কাঠখাল গ্রামের উত্তর পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, পুকড়া ইউনিয়নের কাঠখাল গ্রামের বিএনপি নেতা লুৎফুর রহমানের বাড়ির উত্তর পাড়ার মেয়েরা স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের সময় দীর্ঘদিন ধরে ইভটিজিং এবং বাড়ির পেছনে নারীদের গোসলের দৃশ্য ধারণের অভিযোগ রয়েছে একই এলাকার স্থানীয় বিএনপি নেতা এজারত মিয়ার বাড়ির ছেলেদের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, মেয়েরা ও স্থানীয় নারীরা পুকুরে গোসল করতে গেলে রাস্তা থেকে মোবাইল ফোনের মাধ্যমে তাদের ছবি ও ভিডিও ধারণ করা হতো। এ ঘটনায় এজারত মিয়ার বাড়ির ছেলেদের বিরুদ্ধে অভিযোগ তুলে কয়েক দফা তাদের মুরব্বিদের কাছে বিচার দেন লুৎফুর রহমানসহ তার লোকজন। তবে এজারত মিয়া কার্যকর কোনো পদক্ষেপ নেননি বলে দাবি স্থানীয়দের।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে রোববার সকালে পুনরায় লুৎফুর রহমানের বাড়ির পেছনে গোসলরত নারী ও মেয়েদের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন এজারত মিয়ার বাড়ির দুই ছেলে—এমন অভিযোগ ওঠে।
বিষয়টি আঁচ করতে পেরে নারীদের পরিবারের পুরুষ অভিভাবকদের জানানো হলে তারা এজারত মিয়াসহ তার লোকজনের কাছে বিষয়টি জানতে যান। এ সময় উভয়পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে রোববার বেলা সাড়ে ১২টার দিকে বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সংঘর্ষের খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
ওসি আরও জানান, দাঙ্গা-হাঙ্গামার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং দেশীয় অস্ত্র উদ্ধারে এলাকায় পুলিশ অবস্থান করে কাজ করছে।
তবে সংঘর্ষের ঘটনার পর থেকে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। উত্তেজনা এড়াতে পুলিশ এলাকায় অবস্থান করছে বলে নিশ্চিত করেছেন ওসি শেখ নাজমুল হক।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন