
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে সুনামগঞ্জের মধ্যনগরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং কাবাডি টুর্নামেন্ট।
‘মাদক ছেড়ে মাঠে চলো’ এবং ‘গ্রামবাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যনগর উপজেলা সদরে দিনব্যাপী ‘১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ আয়োজন করে মধ্যনগর থানা পুলিশ। সিলেট রেঞ্জের সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে উপজেলা সদরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। হাজারো দর্শকের উপস্থিতিতে প্রাণ ফিরে পায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন, পিপিএম।
তিনি বলেন, “মাদক আমাদের যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা চাই প্রতিটি যুবক মাঠে খেলুক, সুস্থ থাকুক। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আমরা জনগণকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত মধ্যনগর গড়তে বদ্ধপরিকর। পুলিশ একা নয়, আপনারা সবাই এগিয়ে আসুন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও মধ্যনগর থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক গোলাম সাইফুল।
তিনি বলেন, “আজকের তরুণরাই আগামীর ভবিষ্যৎ। কিন্তু মাদক সেই ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে। তাই আমাদের স্লোগান—‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’। আমরা চাই প্রতিটি গ্রামে এমন খেলার আয়োজন হোক।”
টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিল মধ্যনগর থানা পুলিশ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মধ্যনগর বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন