
বিল্লাল আহমেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে পরমেশ্বর শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ও জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার মোড়াকুরি বড় আখড়া, বামৈ শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দির ও রাঢ়িশাল মহাপ্রভুর আখড়া প্রাঙ্গণ থেকে পৃথকভাবে আয়োজিত কর্মসূচিতে শত শত সনাতন ধর্মাবলম্বী অংশ নেন।
বামৈ শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দিরের জন্মাষ্টমী উদযাপন কমিটি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে মন্দিরে প্রদীপ প্রজ্বালন করা হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বী নারীরা উলুধ্বনি দিয়ে শোভাযাত্রাকে স্বাগত জানান।
শঙ্খধ্বনি, ঢাকঢোল ও নানা বাদ্যযন্ত্রের তালে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিশু, নারী, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি পরিণত হয় মিলনমেলায়।
বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রাটি হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে শ্রীশ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ হয়ে পুনরায় আনন্দময়ী কালী মন্দিরে এসে শেষ হয়।
লাখাই উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক আশীষ দাশ গুপ্ত বলেন, শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি উদযাপন করেন। এদিন ভক্তরা শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের আশায় ধর্মীয় রীতিনীতি মেনে মন্দির ও বাসাবাড়িতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করেন।
তিনি আরও বলেন, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের নেতৃত্বে পুলিশ অনুষ্ঠানস্থলে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা করেছে।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন আশীষ রায়, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব রনজিত দেব, পূজা ফ্রন্টের আহ্বায়ক অপূর্ব চন্দ্র দেব, করাব ইউনিয়ন কল্যাণ ফ্রন্টের সভাপতি পরেশ সূত্রধর, বুল্লা ইউনিয়ন কল্যাণ ফ্রন্টের সভাপতি শুভ মোদক, কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক শমিরন শীল, নিপেশ সরকার, অর্জুন মোদক, জনক চন্দ্র দেব, দুর্লব সরকার, উজ্জল দেব ও দিলীপ সূত্রধরসহ অনেকে।
বিশ্বজিৎ ভট্টাচার্যের সভাপতিত্বে মোড়াকুরি বড় আখড়া থেকে আয়োজিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মোড়াকুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল মোল্লা, লাখাই উপজেলা কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক আশীষ দাশ গুপ্তসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এতে গ্রামের শত শত সনাতন ধর্মাবলম্বী ও কৃষ্ণভক্ত অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন