
দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুরে পুকুর থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ জিকুর বিরুদ্ধে। প্রায় দুই সপ্তাহ ধরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চরপাড়া এলাকায় একটি পুকুর থেকে ড্রেজারের মাধ্যমে মাটি তুলে পাশের জমি ভরাট করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এভাবে পুকুর থেকে মাটি উত্তোলনের কারণে পুকুরের পাড় ভেঙে আশপাশের জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কয়েক দিন ধরে মাটি কাটার কার্যক্রম চললেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা যায়, চরপাড়া এলাকায় রতন মিয়া ওরফে বাচ্চু মিয়ার একটি পুকুরে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। পরে ওই মাটি পাশের ওয়াজেদ আলীর জমি ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছে।
পুকুরের মালিক রতন মিয়া বলেন, তিনি খালিদ সাইফুল্লাহ জিকুর কাছে প্রতি ঘনফুট মাটি ২ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করেছেন। তাঁর কাছ থেকে মাটি কিনে ড্রেজারের মাধ্যমে কয়েক দিন ধরে পুকুর থেকে মাটি উত্তোলন করা হচ্ছে। উত্তোলন করা মাটি পাশের জমি ভরাটে ব্যবহার করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় নিয়ম না মেনে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। অব্যাহতভাবে মাটি কাটলে পুকুরের পাড় ভেঙে আশপাশের জমি ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
অভিযোগের বিষয়ে খালিদ সাইফুল্লাহ জিকুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ড্রেজার ব্যবসার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন।
হরিরামপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বীসরাত হোসেন বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। ঘটনাস্থলে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তাঁর প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, ছাত্রদলের ব্যানারে থেকে কোনো ধরনের অপকর্ম বা অবৈধ ব্যবসা করার সুযোগ নেই। ছাত্রদলের ব্যানারে থেকে ড্রেজার ব্যবসা পরিচালনারও সুযোগ নেই। কারও ব্যক্তিগত দায় সংগঠন নেবে না। কেউ ছাত্রদলের ব্যানারে থেকে ড্রেজার ব্যবসা পরিচালনা করলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন