

নওগাঁয় কলেজপড়ুয়া এক ছাত্রীকে মোটরসাইকেলে এসে স্পর্শ করে পালিয়ে যাওয়ার অভিযোগে কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ (২২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
আটক কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার জনকলোনি এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট নওগাঁ সরকারি কলেজের মাস্টার্সপড়ুয়া ওই ছাত্রী মেস থেকে বের হয়ে এটিম মাঠের গলি দিয়ে টিউশনে যাওয়ার পথে জনৈক ইমরুল কায়েসের বাড়ির সামনে পৌঁছান। এ সময় অজ্ঞাত এক যুবক পেছন থেকে মোটরসাইকেলে এসে তাঁকে স্পর্শ করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার কয়েক দিন পর ভুক্তভোগী ছাত্রী নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে বিষয়টি জানান। অভিযোগ পাওয়ার পর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁ ডিবি পুলিশকে দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এরপর ডিবি পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও এআই ক্যামেরার তথ্য বিশ্লেষণ শুরু করে। টানা পাঁচ দিন তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর অভিযুক্ত ব্যক্তি ও তাঁর ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয়।
পরে বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার এলাকা থেকে কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদকে আটক করে ডিবি পুলিশ। একই সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, পরে ভুক্তভোগী কলেজছাত্রী আটক যুবককে শনাক্ত করেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সড়ক কিংবা যেকোনো স্থানে নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা বা যৌন হয়রানি কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের ঘটনায় জেলা পুলিশ আইন অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেবে।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন