
নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর রাণীনগরে ৭ বছরের এক শিশুকে ফুসলিয়ে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে রাণীনগর থানা পুলিশ। বর্তমানে ভুক্তভোগী শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত বুধবার বিকেলে রাণীনগর উপজেলার ১ নম্বর খট্টেশ্বর ইউনিয়নের লোহাচূড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী দুই কিশোর মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে তাকে কৌশলে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি কক্ষের মধ্যে দুই কিশোর শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে শিশুটিকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্তরা শিশুটিকে ওই বাড়িতে রেখে পালিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে বুধবার গভীর রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাণীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর শিশুটির মা থানায় মামলা করেছেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন